ইনকিলাব কালচারাল সেন্টারের পদ ছাড়ার ঘোষণা জাবেরের

এশিয়া পোস্ট ডেস্ক
ইনকিলাব কালচারাল সেন্টারের পদ ছাড়ার ঘোষণা জাবেরের
ইনকিলাব কালচারাল সেন্টার ও আব্দুল্লাহ আল জাবের। ছবি: সংগৃহীত

ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের। বুধবার (৮ জুলাই) রাতে তার ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।

ওই পোস্টে তিনি জানান, ওসমান হাদির শাহাদাত পরবর্তী ওয়ারিশ সংক্রান্ত ইস্যুতে তাদের নানাবিধ পরিকল্পনা বাস্তবায়নে বেশ জটিলতা দেখা দিয়েছে। ফলে ওসমান হাদির সন্মানার্থে এবং তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ইনকিলাব কালচারাল সেন্টারের সবকিছু বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আব্দুল্লাহ আল জাবের।

ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আমি আব্দুল্লাহ আল জাবের, ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান। শহীদ ওসমান হাদি শাহাদাতের পূর্বে ইনকিলাব কালচারাল সেন্টারের ট্রাস্ট গঠনের উদ্যোগ নিলেও শেষ করে যেতে পারেননি। যেহেতু এটি প্রতিষ্ঠাকালীন সময় হতে জনতার আমানত হিসেবে পরিচিত ও পরিকল্পনাও এমনই ছিল, তাই আমরা বিগত ছয় মাস শাহাদাত পরবর্তী উত্থাপিত ওয়ারিশ সংক্রান্ত ইস্যু সমাধানের চেষ্টা করেছি। সমসাময়িক সময়ে আমরা নানাবিধ প্রোডাক্টিভ কাজের পরিকল্পনাও হাতে নিই, যা বর্তমানে চলমান রয়েছে। তবে ইতোমধ্যে আপনারা দেখেছেন বিষয়গুলো আরও জটিল হয়ে পড়েছে।

‘আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদীকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে, তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ভীষণ ভালোবাসা ও সম্মান আপনারা আমায় দিয়েছেন তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ।’

আব্দুল্লাহ আল জাবের আরও লিখেন, আপনাদের অসম্ভব বিশ্বাসের দায় রক্ষা করতে আমি আপ্রাণ চেষ্টা করেছি। কতখানি পেরেছি জানি না তবে শহীদ ওসমান হাদি শাহাদাতের পর ঢাকা ৮, সেন্টারসহ সব একাউন্ট ফ্রিজ থাকায় এই সংক্রান্ত হিসাব ব্যতীত আমার দায়িত্বকালীন সময়ের অন্যান্য সব হিসাব দ্রুততম সময়ে পাবলিক করা হবে।

ইনসাফের লড়াই ও সাংস্কৃতিক বিপ্লবের যে স্বপ্ন শহীদ ওসমান হাদি জাগিয়ে গিয়েছেন, তা বয়ে নেওয়ার যে বিশাল ভার খোদাতায়ালা আমাদের কাছে সমর্পণ করেছেন, তা চালিয়ে যাওয়ার জন্য দোয়া চাই। ইনকিলাব কালচারাল সেন্টার কেন্দ্রীক আমার যাত্রা এতোটুকুই- যোগ করেন তিনি।