এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারির (সচিব পদমর্যাদা) একান্ত সচিবের ব্যবহৃত ল্যাপটপ চুরি হয়ে গেছে। এর আগে গত মাসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির ঘটনা ঘটে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনের ১৬ তলা থেকে এই চুরির ঘটনা ঘটে। প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, চুরি হওয়া ল্যাপটপটি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিম দাপ্তরিক কাজে ব্যবহার করতেন। মঙ্গলবার দুপুরে তিনি শাকিরুল ইসলামের কক্ষে প্রবেশ করেন। মাত্র পাঁচ মিনিট পর ফিরে এসে দেখেন তার টেবিলে রাখা ল্যাপটপটি নেই। পরবর্তীতে তল্লাশি চালানো হলেও ল্যাপটপটি উদ্ধার করা যায়নি।
নিরাপত্তা কর্মীরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেন, খয়েরি রঙের শার্ট ও ধূসর প্যান্ট পরিহিত আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি কালো ব্যাগ নিয়ে দপ্তর থেকে বের হচ্ছেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যাগের মধ্যেই চুরি হওয়া ল্যাপটপটি ছিল।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম বলেন, ঘটনার পরপরই আমরা উপস্থিত সবার ব্যাগ তল্লাশি করেছি। আমাদের জনবল খুবই সীমিত—মোট ২২ জন আনসার পুরো ভবনে দায়িত্ব পালন করেন। নিরাপত্তার তুলনায় জনবল কম। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
এর আগে গত ২২ মে সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোন সংযোগের তামার তার চুরি হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন সচিবালয় আউটসোর্সিং কর্মচারী রঞ্জন চন্দ্র ও ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলাম।
৮ কেজি ২০০ গ্রাম তামার তার চুরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনের ভাঙারি দোকানে ৬০০ টাকা কেজি দরে বিক্রি করে দেন তারা। পরে সেগুলো উদ্ধার করে পুলিশ।
.png)






