Advertisement

সৌদির বিরুদ্ধে হুতির নৌ অবরোধে বাংলাদেশের নিন্দা

এশিয়া পোস্ট প্রতিবেদক
সৌদির বিরুদ্ধে হুতির নৌ অবরোধে বাংলাদেশের নিন্দা
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতির নৌ অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, এ ধরনের পদক্ষেপ উত্তেজনা বৃদ্ধি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করা এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ব্যাহত হওয়ার ঝুঁকি সৃষ্টি করে। বাংলাদেশ আন্তর্জাতিক আইন, বিশেষ করে ‘আনক্লস’ (সমুদ্রবিষয়ক জাতিসংঘের বিধিমালা) আলোকে, লোহিত সাগরসহ আন্তর্জাতিক সামুদ্রিক পথসমূহে নিরবচ্ছিন্ন ও বৈধ নৌ-চলাচলের পক্ষে।

লোহিত সাগরে কোনো বিঘ্ন, বিশ্বের মানুষের জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি ডেকে আনতে পারে। সব নাবিক ও পণ্যের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায় বাংলাদেশ।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সব পক্ষের প্রতি আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতা মেনে চলা, সামুদ্রিক নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন কার্যকলাপ থেকে বিরত থাকা এবং কূটনৈতিক পথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়।

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংলাপ, কূটনীতি এবং শান্তিপূর্ণ সম্পৃক্ততা সংঘাত সমাধানের একমাত্র টেকসই উপায়।