Advertisement

বিএনপির মতবিনিময় সভায় প্রশাসনিক সহযোগিতার নির্দেশ এমপির

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
বিএনপির মতবিনিময় সভায় প্রশাসনিক সহযোগিতার নির্দেশ এমপির
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার চৌদ্দগ্রাম উপজেলা সফর উপলক্ষে বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

সংসদ সদস্যের কার্যালয় থেকে সেমবার (২০ জুলাই) জারি করা এক দাপ্তরিক নির্দেশনায় বলা হয়েছে, আগামীকাল ২৩ জুলাই (বৃহস্পতিবার) চৌদ্দগ্রাম উপজেলা সফর করবেন রাশেদা বেগম হীরা।

সফরসূচি অনুযায়ী, তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করবেন।

নির্দেশনা অনুযায়ী, সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ প্রশাসনের সঙ্গে উন্নয়ন, আইন-শৃঙ্খলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি, পৌর বিএনপি, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

পরে দুপুর ৩টা ৩০ মিনিটে উপজেলার বিভিন্ন বাজার, সেতু, কালভার্ট এবং চলমান সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন সংসদ সদস্য। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে উন্নয়ন পরিকল্পনা নিয়েও তিনি মতবিনিময় করবেন।

দাপ্তরিক নির্দেশনায় এই মতবিনিময় সভা ও সফর সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসক, কুমিল্লা; পুলিশ সুপার, কুমিল্লা; অতিরিক্ত পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল); উপজেলা নির্বাহী কর্মকর্তা; অফিসার ইনচার্জ (ওসি), চৌদ্দগ্রাম থানা এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।