শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দিতে হবে: এমপি রানু

এশিয়া পোস্ট ডেস্ক
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দিতে হবে: এমপি রানু
সংসদ অধিবেশনে রেহানা আক্তার রানু। ছবি : সংগৃহীত

বিএনপির সংরক্ষিত নারী আসনের সদস্য রেহানা আক্তার রানু বলেছেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে ‘ইলেকট্রিক শক’ দিতে হবে।’ এ সময় আওয়ামী লীগের শাসনামলে ‘আয়নাঘরে’ বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তোলেন তিনি।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

জুলাই আন্দোলনে তার নির্বাচনি এলাকা ফেনীর ১১ জন নিহত হয়েছেন উল্লেখ করে রানু জানান, সংসদ সদস্য হওয়ার পর নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেছেন। তারা পুলিশ প্রশাসন ও আদালতের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

তাদের অভিযোগ তুলে ধরে তিনি বলেন, ‘তারা আমাকে বলেছে আমরা আপনাদের কাছে কিছু চাই না। আমরা শুধু আমাদের সন্তান হত্যার বিচার চাই। আপনি সংসদে এই কথাটি ধরবেন।’

আওয়ামী শাসনামলে আয়নাঘরের প্রসঙ্গে রানু বলেন, ‘কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম। সে আয়নাঘরে একটা চেয়ার দেখলাম। সেখানে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো।’

এ সময় তার নির্ধারিত সময় শেষ হলে স্পিকারের কাছে অনুরোধ করে আরও দুই মিনিট সময় নিয়ে বলেন বলেন, ‘যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো, আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া-শোয়াইয়া ইলেকট্রিক শক দিতে হবে।’

ঐক্য ধরে রাখার বিষয়ে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘অনৈক্যের কারণে আল্লাহ না করুন, দানব হাসিনা যদি ফিরে আসে, তাহলে যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন; তাদের জীবনটা কালো করে ছাড়বে।’

বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রস্তাবিত বাজেটকে সমর্থন জানান রানু। জাতীয় রাজস্ব বোর্ডের ‘সার্জিক্যাল অপারেশন’ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বক্তব্যের শেষাংশে রেহানা আক্তার রানু ব্যাংক লুটেরাদের সম্পদ নিলামে বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার দাবি জানান। পাশাপাশি ফেনীতে মেডিকেল কলেজ, ফ্লাইওভার, পাবলিক বিশ্ববিদ্যালয়, গ্যাস সংযোগ, এলপিজির দাম কমানো এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি দ্রুত চালুর দাবি জানান তিনি।