বিমানবন্দর এলাকা থেকে ৮২ জনকে আটক

প্রবাসী যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত কমাতে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। এ সময় মোট ৮২ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত রয়েছেন ২৪ জন।
ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে পরিচালিত এ অভিযানে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়কসহ আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
ঘটনা সম্পর্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বলেন, বিমানবন্দর এলাকায় জনদুর্ভোগ ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বিমানবন্দর এলাকায় কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে আটক শিশুদের ক্ষেত্রে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।





