সাইবার নিরাপত্তা জোরদারে ‘ফিনিক্স সামিট ২০২৬’ শুরু

এশিয়া পোস্ট প্রতিবেদক
সাইবার নিরাপত্তা জোরদারে ‘ফিনিক্স সামিট ২০২৬’ শুরু
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা জোরদারের লক্ষ্যে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম ‘ফিনিক্স সামিট ২০২৬’। ‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত হচ্ছে পাঁচ দিনব্যাপী এই সামিট।

Advertisement

গত ২৩ জুন সামিট শুরু হলেও শুক্রবার (২৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের শীর্ষ নির্বাহী, একাডেমিক প্রতিনিধি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি গবেষক, শিক্ষার্থী এবং দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

সাইবার নিরাপত্তা উদ্যোগ ‘দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি)’ এই আয়োজনের উদ্যোগ নিয়েছে। এর অন্যতম পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক। আয়োজকদের প্রত্যাশা যে পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে ১০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী যুক্ত হবেন। সম্মেলনের প্রথম দিনে সাইবার নিরাপত্তা, ডিজিটাল রিজাইলেন্স, জাতীয় অবকাঠামো সুরক্ষা, উদীয়মান প্রযুক্তি এবং বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলা নিয়ে একাধিক বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। এসব আলোচনায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা, গবেষণা এবং নীতিগত সুপারিশ তুলে ধরছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রথম যখন আয়োজকদের কাছ থেকে এই সামিটের পরিকল্পনার কথা শুনি, তখন বাংলাদেশে এ ধরনের উদ্যোগের কথা আমি প্রথমবারের মতো শুনলাম এবং খুবই অভিভূত হয়েছিলাম। এগুলো মূলত আমার মনের কথাই ছিল। আয়োজকদের ধারণা শোনার পর আমি দেখলাম, এখানে অনেকেই আইটি সম্পর্কে জানেন এবং বাংলাদেশ নিয়ে কাজ করতে চান। এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এখানে যারা অংশীদার হয়েছেন, তাদেরও ধন্যবাদ জানাই যে তারা বাংলাদেশে আইটি খাতে কিছু করার জন্য এগিয়ে এসেছেন।

তিনি বলেন, এই সামিটের প্রধান বিষয় হচ্ছে সাইবার সিকিউরিটি। এখানে স্টলগুলো ঘুরে দেখলাম, খুবই অসাধারণ সব উদ্যোগ ও ধারণা রয়েছে। আমিও কিছু আইডিয়া শেয়ার করেছি। আইটি ও সাইবার সিকিউরিটি নিয়ে আমাদের সরকারের নানা পরিকল্পনা রয়েছে। আমরা মাত্র ১০০ বা ১৫০ দিন হলো সরকারে এসেছি, তবে আমরা এসব পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ন করব।

এ বিষয়ে দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, সাইবার সিকিউরিটি এখন জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ডিজিটাল সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ। সরকার, শিল্পখাত, একাডেমিয়া এবং সাইবার নিরাপত্তা পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার মাধ্যমে আমরা দেশের সাইবার সক্ষমতা আরও শক্তিশালী করতে চাই।

উল্লেখ্য, গত ২৩ জুন থেকে শুরু হওয়া সামিটের প্রথম তিন দিনে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে বিভিন্ন টেকনিক্যাল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে অন্যতম আকর্ষণ ছিল ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির (এনসিএসএ) সহযোগিতায় আয়োজিত ‘প্র্যাক্টিক্যাল সাইবার ইনভেস্টিগেশন’ কর্মশালা। এ ছাড়া ‘ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনার্স’, ‘মাস্টার অ্যাপ্লিকেশন সিকিউরিটি: ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং’ এবং ‘র্যানসামওয়্যার মেকানিক্স’ শীর্ষক কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মশালায় অংশগ্রহণকারীরা সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং র্যানসামওয়্যার প্রতিরোধ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এ ছাড়া সামিটের সমাপনী অনুষ্ঠান আগামীকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম প্রধান অতিথি হিসেবে সমাপনী পর্বে উপস্থিত থাকবেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।