রাজধানীতে চার হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তির নাম জুয়েল হাওলাদার ওরফে মাহমুদ (২৮)।
শুক্রবার (২৬ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিবির মতিঝিল বিভাগের একটি চৌকস দল গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সোয়া পাঁচটার দিকে খিলক্ষেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে জুয়েলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।
ডিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে শরীয়তপুরের পালং মডেল থানায় আগে থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় জুয়েলের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।





