Advertisement

কুর্মিটোলা হাসপাতালের ফটকে বাসের ধাক্কা, হোটেল ম্যানেজার নিহত

এশিয়া পোস্ট প্রতিবেদক
কুর্মিটোলা হাসপাতালের ফটকে বাসের ধাক্কা, হোটেল ম্যানেজার নিহত
ইনসেটে বাসচাপায় নিহত রফিকুল ইসলাম। ছবি : এশিয়া পোস্ট

রাজধানী বিমানবন্দর সড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকে ঢুকে যায়। এ ঘটনায় রফিকুল ইসলাম (৫৬) নামের একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

নিহত রফিকুল ইসলাম হোটেল রেডিসন ব্লুর স্টোর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

রোববার (২৬ জুলাই) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত প্রজাপতি পরিবহনের বাসচালককে আটক করে পুলিশে হস্তান্তর করেছে পথচারীরা।

প্রত্যক্ষদর্শী ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্টাফ মো. দিপু এশিয়া পোস্টকে বলেন, 'বাসটি মহাখালী থেকে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কুর্মিটোলা হাসপাতালের কাছাকাছি এলে নিয়ন্ত্রণ হারিয়ে এদিক-ওদিক যাওয়া শুরু করে। হঠাৎ বাসটি হাসপাতালের ফটকের দিকে দেয়ালে ঢুকে যায়। এ সময় হাসপাতালের সামনের রাস্তায় থাকা এক পথচারী চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা আরেক পথচারী আহত হন। এ ছাড়া বাসে থাকা নারীসহ অনেক যাত্রী আহত হন।’

বেলাল শেখ নামের এক প্রত্যক্ষদর্শী এশিয়া পোস্টকে বলেন, ‘দুর্ঘটনার পরপরই বাসটির চালক বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন আমি তাকে ধরে ফেলি। এরপর তাকে বলি, পালানোর চেষ্টা করলে পাবলিক গণধোলাই দেবে। তারপর পুলিশ এলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করি।’

সরেজমিনে দেখা যায়, কুর্মিটোলা হাসপাতালের ফটকের সামনে থাকা গ্যাস কন্ট্রোল রুমের সামনের দেয়ালে বাসটি ধাক্কা দিলে সেটি ভেঙে যায়। এ ছাড়া প্রজাপতি পরিবহনের বাসটির সামনের গ্লাসসহ বিভিন্ন অংশ ভেঙে যায়।

নিহত রফিকুল ইসলামের ভাতিজা মো. ইমরান হোসেন রাজিব এশিয়া পোস্টকে বলেন, ‘আমার চাচা সব সময় ফুট ওভারব্রিজ ব্যবহার করেন। তারপরও বাসটি বেপরোয়াভাবে এসে চাচার ওপর দিয়ে উঠিয়ে দিয়েছে। এর আগে আমার আরেক চাচাকেও বাস চাপা দিয়ে মেরে ফেলেছে।'

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা ক্যান্টনমেন্ট থানার পুলিশ সদস্যরা এশিয়া পোস্টকে বলেন, 'বাসচাপায় ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বাসচালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।’

তারা আরও জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।