প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেনি বগুড়ার ১০ শিক্ষার্থী

প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড না পাওয়ায় বগুড়ার মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী চলতি বছরের এইচএসসির প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেনি। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পরীক্ষা শুরুর আগে কলেজে এসে প্রবেশপত্র না পেয়ে তারা কলেজের সামনে অবস্থান নেয়। এর আগে বুধবার (১ জুলাই) বিকেল পর্যন্ত অপেক্ষা করেও প্রবেশপত্র না পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ফিরে যান।
ভুক্তভোগী শিক্ষার্থী ও কলেজ সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর অতিরিক্ত অর্থের বিনিময়ে ফরম পূরণের আশ্বাস দেন কলেজের কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন। মানবিক বিভাগের ১০ শিক্ষার্থীর কাছ থেকে চার হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়।
গত ২৪ জুন কলেজের অন্য শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও নিবন্ধন কার্ড বিতরণ করা হলেও ওই ১০ শিক্ষার্থীকে জানানো হয়, বিলম্বে ফরম পূরণ করায় তাদের কাগজপত্র পরে দেওয়া হবে।
তবে বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরু হলেও তারা কেউ প্রবেশপত্র বা নিবন্ধন কার্ড পাননি। এদিকে বুধবার থেকে সাব্বির হোসেন শাওনের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
পরীক্ষায় অংশ নিতে না পারায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের পরীক্ষার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক।
কলেজের অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বছর মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজ থেকে তিনটি বিভাগে প্রায় ৬০০ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।





