ফরিদপুরে লোকালয়ে মেছোবাঘ, উদ্ধার করল বন বিভাগ

এশিয়া পোস্ট নিউজ, ফরিদপুর
ফরিদপুরে লোকালয়ে মেছোবাঘ, উদ্ধার করল বন বিভাগ
লোকালয়ে চলে আসা মেছো বাঘ। ছবি: এশিয়া পোস্ট

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় খাবারের খোঁজে লোকালয়ে আসা একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। মেছোবাঘটি গলায় রশি দিয়ে বেঁধে রেখেছিলেন স্থানীয়রা। প্রাণীটি দেখতে এলাকাবাসী ভিড় জমান।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চর হরিরামপুর সার্ভিস ঘাট এলাকা থেকে মেছো বাঘটি স্থানীয়রা বেঁধে রাখেন। বিকেল ৪টার দিকে বন বিভাগ প্রাণীটি উদ্ধার করে।

মেছোবাঘ বাংলাদেশের একটি সংরক্ষিত বন্যপ্রাণী। এটি সাধারণত নদী, খাল-বিল ও জলাভূমি সংলগ্ন এলাকায় বসবাস করে। মাছসহ বিভিন্ন ছোট প্রাণী শিকার করে খাদ্য হিসেবে গ্রহণ করে।

বন বিভাগ জানা যায়, উপজেলার চর হরিরামপুর সার্ভিস ঘাট এলাকায় মেছোবাঘটি দেখতে পেয়ে স্থানীয়রা আটক করে। ধারণা করা হচ্ছে পদ্মা নদীর ঘাট এলাকায় খাবারের খোঁজে এলে স্থানীয়রা দেখতে পেয়ে আটক করে।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে পদ্মা নদী ও চরাঞ্চল সংলগ্ন এলাকায় বিভিন্ন বন্যপ্রাণীর বিচরণ লক্ষ করা যাচ্ছে। তবে লোকালয়ে মেছোবাঘের উপস্থিতি বিরল হওয়ায় বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় ১নং চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। মেছোবাঘটি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে প্রাণীটিকে নিরাপদে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের প্রাণী আটক করে রাখা দণ্ডনীয় অপরাধ। বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়। প্রাণীটিকে দ্রুত উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

ফরিদপুরে সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) তাওহীদ হোসেন বলেন, মেছোবাঘ সাধারণত মাছ, ইঁদুর ও সাপজাতীয় খাবার খায়। খাবারের খোঁজে প্রাণীটি ওই এলাকায় আসে। তখন স্থানীয়রা বাঘ ভেবে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোক পাঠানো হয়। উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিষয় :ফরিদপুর