১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা জব্দ

এশিয়া পোস্ট নিউজ, হবিগঞ্জ
১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা জব্দ
ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (৫৫ বিজিবি) চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ট্রাকে বালুর নিচে লুকিয়ে অবৈধভাবে পরিবহন করা বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। জব্দকৃত ফুসকার আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা।

Advertisement

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। সকাল ১০টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে ট্রাকে বহন করা বালুর নিচে বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা উদ্ধার করা হয়। পরে এসব আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত ফুসকা যথাযথ নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের অর্থনীতি সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানিয়েছে বিজিবি।