কাতারে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পৌঁছাবে মঙ্গলবার

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি পাঁচ প্রবাসী যুবকের মরদেহ মঙ্গলবার (৩০ জুন) দেশে পৌঁছাবে।
সোমবার (২৯ জুন) দিবাগত রাতে কাতার থেকে একটি বিশেষ ফ্লাইটে মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। মরদেহবাহী বিমানটি সকাল ৭টায় সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
নিহতদের গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু বকর এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিমানবন্দরে মরদেহ গ্রহণের জন্য স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এই সময় সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসানও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
তিনি আরও বলেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে মঙ্গলবার যোহরের নামাজের পর দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি মাদ্রাসা মাঠে নিহত পাঁচ প্রবাসীর সম্মিলিত জানাজা হবে। পরে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
কাতারের বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ মাশহুদুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে মঙ্গলবার সিলেটে পৌঁছাবে।
শ্রম কল্যাণ উইং জানায়, নিহতদের মরদেহ সোমবার কাতারের স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে পাঠানো হবে। ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
নিহতরা হলেন ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।






