Advertisement

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়া সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সালমান (২৭) নামে এক রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৬৪ বিজিবির অধীনস্থ উখিয়া সীমান্তের বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাটাপাহার পোস্ট-সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রোহিঙ্গা যুবক সালমান গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

আহত সালমান উখিয়ার বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা। তিনি মো. নিজামত আলীর ছেলে।

এর আগে, গত ২৪ মে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের তিন পাহাড়ি বাংলাদেশি নিহত হন।

বিজিবি জানায়, কাঠ সংগ্রহের জন্য সীমান্ত অতিক্রম করার সময় তারা স্থল মাইনের কবলে পড়েন।

নিহতরা হলেন নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের লেঠাইয়া চাকমা (৪১), অংক্যামং চাকমা (৫০) ও চিংক্যা অং চাকমা (৪০)।

সীমান্তের সূত্র ও বিজিবির তথ্যমতে, গত দেড় বছরে নাইক্ষ্যংছড়ি, উখিয়া ও টেকনাফ সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৪০ জনের বেশি মানুষ পা হারিয়েছেন ও গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন। এ ছাড়া প্রাণ গেছে অন্তত চারজনের।