রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, ঝালকাঠি
রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ছবি : সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে একটি নির্মাণাধীন ব্রিজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাকিল হাওলাদার (২৩) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার মঠবাড়িয়া ইউনিয়নের ডহরশংকর গ্রামের আক্কেল মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার কালিরচর গ্রামের নজরুল হাওলাদারের ছেলে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কেল মার্কেট এলাকায় নির্মাণাধীন ব্রিজের কাজ করার সময় অসাবধানতাবশত শাকিল বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় :ঝালকাঠি