Advertisement

ট্রাকের নিচে অটোরিকশা চাপা, প্রাণ গেল তিনজনের

এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
ট্রাকের নিচে অটোরিকশা চাপা, প্রাণ গেল তিনজনের
ছবি : এশিয়া পোস্ট

ময়মনসিংহে ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নগরীর শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫) এবং তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আ. মোতালেবের মেয়ে শিলা আক্তার (২৫)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি জানান, শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় অটোরিকশাটি ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর মধ্যে দুজনকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

ওসি আরও জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, হাসপাতালে তিন নারী ও অটোরিকশাচালককে আহত অবস্থায় নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ ছাড়া গুরুতর অবস্থায় এক নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সব মিলিয়ে এ দুর্ঘটনায় মোট তিন জনের মৃত্যু হয়েছে।

বিষয় :ময়মনসিংহ