মাটিরাঙ্গায় বিজিবির সঙ্গে চোরাকারবারীদের গোলাগুলি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) ভোরে উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের সীমান্তসংলগ্ন এলাকায় যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে এ অস্ত্র উদ্ধার করে।
যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে বিজিবির টহল দল চোরাকারবারীদের অবস্থান টের পেয়ে ধাওয়া দেয়। পরে ওই এলাকা তল্লাশি করে দুটি বিদেশি ও দুটি দেশীয় পিস্তল এবং ১৪ রাউন্ড গুলিসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে বিজিবি সদস্যরা বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারীরা সেগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির পর চোরাকারবারীরা ভারতের দিকে পালিয়ে যায়।
সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিবিড় নজরদারি ও কড়া নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
.png)






