ঢামেকে ভর্তি প্রেমের শরীরে এখনও গুলি, উদ্ধার বিদেশি পিস্তল

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
ঢামেকে ভর্তি প্রেমের শরীরে এখনও গুলি, উদ্ধার বিদেশি পিস্তল
স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম। ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধনে হামলা এবং স্কুলছাত্র ইথান আহমেদ প্রেম (১২) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত হয়েছে বলে দাবি করা ছয় রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে।

Advertisement

শুক্রবার (২৬ জুন) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কাঁটাবিল এলাকার বাসিন্দা শ্রাবণকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত স্থান থেকে বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মানববন্ধনে হামলার সময় এই অস্ত্রটি ব্যবহার করা হয়েছিল।

এ ঘটনায় গুলিবিদ্ধ প্রেমের বাবা ইউনুছ মিয়া বৃহস্পতিবার রাতে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কথিত মাদক কারবারি সাব্বির ও অপুসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ছয়জনকে আসামি করা হয়েছে। যদিও গ্রেপ্তার শ্রাবণের নাম এজাহারে ছিল না, পুলিশ জানিয়েছে তদন্তে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রেমের শরীর থেকে এখনও গুলি বের করা সম্ভব হয়নি। তার বাবা ইউনুছ মিয়া জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার সম্ভব না হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলেও এখনও অস্ত্রোপচার করা হয়নি। গুলির ক্ষতস্থান থেকে রক্তক্ষরণ হওয়ায় তাকে রক্ত দেওয়া হচ্ছে।

অন্যদিকে, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী জেলার মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া না গেলে জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি ঘোষণা করবেন।’ প্রয়োজনে দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগও করবেন বলে মন্তব্য করেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী মানববন্ধন চলাকালে একদল অস্ত্রধারী হামলা চালিয়ে গুলি ছোড়ে। স্থানীয়দের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটে। এতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হন। প্রেম কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষকদের ভাষ্য, টিফিনের সময় বাড়ি ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন।

বিষয় :কুমিল্লা