গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

ঢাকার সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ। গ্রেপ্তার আসামিদের রোববার (২৪ মে) আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সাইফুল ইসলাম রানা (৩৬), মজিবর রহমান (৪৮) এবং ১৬ বছর বয়সি এক কিশোর। এদের মধ্যে সাইফুল ইসলামকে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। বাকী দুই জনকে কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। তারা সবাই ভুক্তভোগীর প্রতিবেশী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাভারের কাউন্দিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন ভুক্তভোগীর পরিবার। প্রতিবেশী মো. সাইফুল ইসলাম বেশ কিছুদিন ধরে ভুক্তভোগী গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২২ মে রাত ৩টার দিকে ভুক্তভোগীর স্বামী বাসায় ছিলেন না। এ সময় আসামিরা ঘরে ঢুকে ধর্ষণ করেন ও আপত্তিকর ভিডিও ধারণ করেন। বিষয়টি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চলে যান। সকালে ভুক্তভোগী নারীর স্বামী বাসায় ফিরলে তিনি ঘটনাটি জানান। এ ছাড়া পরে বিষয়টি তার বাবা-মাকেও জানান।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগীর পরিবারের সদস্য ও স্থানীয়রা মো. সাইফুল ইসলামকে বাসায় দেখতে পেয়ে আটক ও মারধর করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, শনিবার (২৩ মে) রাতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে স্থানীয়রা অভিযুক্ত একজনকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। ওইদিন দিবাগত রাতে এ ঘটনায় ভুক্তভোগীর মা চারজনের নাম উল্লেখসহ ৫ জনকে আসামি করে পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। আসামিদের রোববার (২৪ মে) আদালতে পাঠানো হয়েছে।
.png)






