কেনাকাটা করতে গিয়ে ট্রাকচাপায় ২ জনের মৃত্যু

জামালপুর সদর উপজেলার দিগপাইতে বেপরোয়া গতির ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
সোমবার (২৭ জুলাই) সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত কাঁচাবাজারসংলগ্ন মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দিগপাইত ড্রাইভার বাড়ি এলাকার মৃত মজিদ ড্রাইভারের ছেলে মো. ননি ড্রাইভার (৬০) এবং সরিষাবাড়ী উপজেলার মাটিয়াজানী গ্রামের বাসিন্দা মো. হাফিজ (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কেনাকাটার উদ্দেশ্যে ননি ও হাফিজ সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামালপুরগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ননি ড্রাইভারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাফিজকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব জানান, ঘটনাস্থলেই একজন এবং ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
.png)






