শিক্ষকের ধর্ষণে মাদ্রাসাছাত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী শিক্ষকের ধর্ষণের শিকার সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। ও ছাত্রীর বাবা মুক্তাগাছা থানায় মামলা করেছেন।
বুধবার (২৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।
পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক মো. আব্দুল্লাহ একই উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী গ্রামের বাসিন্দা। তিনি পলাতক রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ছাত্রীর ফুপাতো ভাইয়ের সহপাঠী অভিযুক্ত আব্দুল্লাহ। তিনি হাফিজি পড়াশোনা করতেন এবং ওই ছাত্রীর বাড়িতে লজিং থেকে পড়াশোনা করাতেন। বাবা-মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করার কারণে ছাত্রী বাড়িতে তার দাদির সঙ্গে থাকে।
দুই বছর আগে আব্দুল্লাহ ছাত্রীর বাড়ি থেকে চলে যান। গত বছরের ২২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে আব্দুল্লাহ ওই ছাত্রীর বাড়িতে আসেন এবং তাকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে বললে প্রাণনাশের হুমকি দিয়ে তিনি চলে যান।
লোকলজ্জা ও ভয়ে ছাত্রী বিষয়টি তখন কাউকে জানায়নি। পরে শারীরিক পরিবর্তন দেখে দাদির সন্দেহ হয়। তিনি নাতনিকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, তার নাতনি ২৭ সপ্তাহের (প্রায় ৭ মাস) অন্তঃসত্ত্বা।
এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।






