ধর্ষণে অভিযুক্তের মাথা ন্যাড়া করে পরানো হলো জুতার মালা

এশিয়া পোস্ট নিউজ, হবিগঞ্জ
ধর্ষণে অভিযুক্তের মাথা ন্যাড়া করে পরানো হলো জুতার মালা
মাথা ন্যাড়া করা ধর্ষণে অভিযুক্তের গলায় জুতার মালা। ছবি: এশিয়া পোস্ট

হবিগঞ্জের লাখাই উপজেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন মিয়া নামে এক যুবককে আটক করে মারধর করেছেন স্থানীয়রা। এ সময় তার মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Advertisement

বুধবার (২৪ জুন) উপজেলার ভাদিকারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, তিন দিন আগে টাকার লোভ দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন সুমন মিয়া। ঘটনার পর সামাজিক লজ্জা ও ভয়ের কারণে ভুক্তভোগী কিশোরী বিষয়টি গোপন রাখে।

বুধবার সকালে কিশোরী তার পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা সুমন মিয়াকে নিজ গ্রাম থেকে আটক করে মারধর ও মাথা ন্যাড়া করার পর জুতার মালা পরিয়ে দেন।

এ বিষয়ে লাখাই থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান।

তিনি আরও জানান, কিশোরীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। সব কিছু খতিয়ে দেখছে পুলিশ।