পোষা পাখির মৃত্যু ঘিরে প্রাণ গেল দুই ভাইয়ের

এশিয়া পোস্ট নিউজ, লক্ষ্মীপুর
পোষা পাখির মৃত্যু ঘিরে প্রাণ গেল দুই ভাইয়ের
নিহত আল আমিন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে একটি পোষা পাখির মৃত্যু ঘিরে দুই শিশু ভাইয়ের ঝগড়ার জেরে প্রাণ হারিয়েছে বড় ভাই আল-আমিন (১৪)। পরিবারের চোখের সামনে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল-আমিন ওই গ্রামের জাফর আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছোট ভাই বাবুর (১০) একটি পোষা পাখি ছিল। বুধবার সকালে পাখিটি একটি বিড়ালের আক্রমণে মারা যায়। প্রিয় পাখির মৃত্যুতে বাবু সারাদিন কান্নাকাটি করছিল। একপর্যায়ে তাকে কান্না থামাতে গিয়ে বড়ো ভাই আল-আমিনের সঙ্গে কথাকাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এর একপর্যায়ে বাবু ঘর থেকে একটি ছুরি এনে আল-আমিনের বুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা আল-আমিনকে দ্রুত উদ্ধার করে নোয়াখালীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একটি পোষা পাখির মৃত্যু ঘিরে মুহূর্তের আবেগ আর পারিবারিক বিরোধের এমন ভয়াবহ পরিণতি মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা। তারা বলছেন, যে দুই ভাই কিছুক্ষণ আগেও একই বাড়িতে একসঙ্গে ছিল, তাদের একজনের মৃত্যু আর অন্যজনের এমন ঘটনায় জড়িয়ে পড়া পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়াহিদুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি শুনেছি। পুলিশ তদন্ত করছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।