বাগানে ঝুলছিল কিশোরের মরদেহ, মায়ের দাবি ‘হত্যা’

এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
বাগানে ঝুলছিল কিশোরের মরদেহ, মায়ের দাবি ‘হত্যা’
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাড়ির পাশের বাগান থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মায়ের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে উপজেলার বারদী ইউনিয়নের বড় আলমদী শাউপাড়াবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল (১৭) বারদী ইউনিয়নের নারী গ্রাম পুলিশ ফুলেছা বেগমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশের একটি বাগানে আশরাফুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহতের মা ফুলেছা বেগমের দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার আগে আশরাফুলকে তার কয়েকজন বন্ধু ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

তিনি বলেন, আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।