Advertisement

টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস, দিশাহারা কৃষক

এশিয়া পোস্ট নিউজ, টাঙ্গাইল
টাঙ্গাইলে আখের ক্ষেতে ভাইরাস, দিশাহারা কৃষক
আখের ক্ষেতে ভাইরাস। ছবি: এশিয়া পোস্ট

টাঙ্গাইল সদর উপজেলায় চলতি মৌসুমে আখের বাম্পার ফলনের আশা করলেও শেষ মুহূর্তে ভাইরাসজনিত রোগের আক্রমণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। আখ পরিপক্ব হওয়ার ঠিক আগমুহূর্তে আকস্মিক এই ভাইরাসে অধিকাংশ ক্ষেতের আখ পচে নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও কোথাও পুরো ক্ষেতের ফসলই বিনষ্ট হয়ে গেছে। ফলে বড় ধরনের আর্থিক লোকসান ও ঋণের দায় মেটানোর দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় আখ চাষিরা।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ২৫০ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে।

সদরের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মৌসুমের শুরু থেকেই আখের বৃদ্ধি ভালো ছিল। তারা আশাতীত উৎপাদনের স্বপ্ন দেখছিলেন। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ক্ষেতে ভাইরাসের আক্রমণ দেখা দেওয়ার পর একের পর এক আখ পচে যেতে থাকে। বিশেষ করে ঈশ্বরদী জাতের আখ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। অনেক জমিতে এখন একটি আখও সুস্থ নেই।

ভাইরাসে নষ্ট হয়ে যাচ্ছে আখের ক্ষেত। ছবি: এশিয়া পোস্ট
ভাইরাসে নষ্ট হয়ে যাচ্ছে আখের ক্ষেত। ছবি: এশিয়া পোস্ট

কৃষক সুলতান কবির দাবি করেন, সময়মতো রোগ দমনে কার্যকর ব্যবস্থা ও প্রয়োজনীয় কীটনাশক না পাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বিষয়টি কৃষি বিভাগকে জানানো হলেও মাঠপর্যায়ে তেমন কোনো সহযোগিতা পাননি।

রমজান আলী নামের এক ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, এবার ফলন খুব ভালো হওয়ার কথা ছিল। কিন্তু ভাইরাসে সব শেষ হয়ে গেছে। অনেকের পুরো ক্ষেত পচে নষ্ট হয়ে গেছে। আখ বিক্রি করে সংসার চালানোর স্বপ্ন ছিল, এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করব সেটাই ভাবছি।

শফিক আহমেদ নামের আরেক কৃষক বলেন, ঈশ্বরদী জাতের আখ সবচেয়ে বেশি নষ্ট হয়েছে। আমরা কৃষি বিভাগকে জানিয়েছিলাম, কিন্তু তাদের কাছ থেকে কার্যকর কোনো ব্যবস্থা বা পরামর্শ পাইনি। সরকার যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে না দাঁড়ায়, তাহলে আমরা বড় সংকটে পড়ব।

ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি ভাইরাস নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভাইরাসে নষ্ট হচ্ছে আখ। ছবি: এশিয়া পোস্ট
ভাইরাসে নষ্ট হচ্ছে আখ। ছবি: এশিয়া পোস্ট

এ বিষয়ে টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শোয়েব মাহমুদ বলেন, কিছু এলাকায় আখে ভাইরাসজনিত সমস্যার তথ্য আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। আক্রান্তের মাত্রা ও সঠিক কারণ নির্ণয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় :টাঙ্গাইল