আলোচিত রাকিব হত্যা মামলার দুই আসামি ঢাকায় গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আলোচিত জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) হত্যা মামলার দুই আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)।
রোববার (৫ জুলাই) দুপুরে র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকার রামপুরা ও বাড্ডা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের রফিকের ছেলে সুমন এবং একই গ্রামের আলী আহমেদের ছেলে পিয়াস। নিহত রাকিব ওই গ্রামের সৌদিপ্রবাসী মো. হানিফের ছেলে। তিনি ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন শপিং মলে চাকরি করতেন।
র্যাব জানায়, খানপুর গ্রামে নিহত রাকিবের বাবা ও চাচা যৌথভাবে নিজেদের জায়গায় একটি পাঁচতলা ভবন নির্মাণ করছিলেন। নির্মাণকাজ চলাকালে আসামিরা রাকিবের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। রাকিব চাঁদার টাকা তার চাচার কাছ থেকে এনে দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে গত ৩০ মে রাকিব বাড়িতে ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে পাকমুন্সিরহাট এলাকায় লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।




