অবশেষে কুমিল্লার ইপিজেড ফুটপাতের অবৈধ মার্কেট উচ্ছেদ

দীর্ঘদিন ধরে দখল করে রাখা কুমিল্লা নগরীর ইপিজেড এলাকার ফুটপাতে গড়ে ওঠা অবৈধ মার্কেট অবশেষে উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) ও রোববার টানা দুই দিনের যৌথ অভিযানে নগরীর ১ নম্বর ইপিজেড গেট সংলগ্ন সড়কের ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা সেনানিবাসের জিওসির যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুটপাতজুড়ে গড়ে ওঠা অবৈধ দোকান, অস্থায়ী মার্কেট ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে ফুটপাত বেদখল থাকায় পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছিল। সড়ক সরু হয়ে যাওয়ায় বাধ্য হয়ে পথচারীদের মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো, যার ফলে প্রায়ই ঘটত দুর্ঘটনা। এছাড়া অবৈধ এসব স্থাপনার কারণে তীব্র যানজট ও জনভোগান্তি সৃষ্টি হয়েছিল। এই অভিযানের মাধ্যমে ফুটপাতের সব ধরনের অবৈধ স্থাপনা অপসারণ করে পথচারীদের জন্য চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে। উচ্ছেদের পর পুরো এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এশিয়া পোস্টকে বলেন, জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকারি জায়গা ও ফুটপাত দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।




