শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ, শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে শ্রেণিকক্ষের পাঠদান বাদ দিয়ে এক শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ করানোর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর সহকারী শিক্ষিকা মোছা. কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম।
জানা যায়, গত ৫ জুলাই চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্বরত সহকারী শিক্ষিকা মোছা. কাজলী আক্তার এক শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ করান। এ ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে সোমবার (৬ জুলাই) ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারা অনুযায়ী কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম বলেন, শিক্ষিকা কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে সন্তোষজনক জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।




