পর্দায় জীবন্ত ‘মোয়ানা’ নিয়ে আবেগী ডোয়াইন

অ্যানিমেটেড সিনেমা সব শ্রেণির দর্শকের কাছেই জনপ্রিয়। বিশেষ করে কম বয়সীদের উদ্দেশ্য করে নির্মাণ করা হলেও তরুণ-যুব শ্রেণিও অ্যানিমেটেড সিনেমা দেখতে পছন্দ করেন। ২০১৬ সালে মিউজিক্যাল অ্যাডভেঞ্চার ফিল্ম ‘মোয়ানা’ পুরো বিশ্বে ঝড় তোলে। এবার সেই সিনেমার লাইভ অ্যাকশনে ‘মাউই’ চরিত্র নিয়ে হাজির হচ্ছেন হলিউড অভিনেতা ও বিখ্যাত রেসলার ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন।
ডিজনির তুমুল জনপ্রিয় এই অ্যানিমেটেড সিনেমা ‘মোয়ানা’ এবার সিনেমার পর্দায় আসছে রক্ত-মাংসের চরিত্র নিয়ে। দর্শকের বহুল প্রতীক্ষিত সিনেমাটির লাইভ-অ্যাকশন আগামী ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পাবে এটি। এতে ডেমি-গড বা আধা-ঈশ্বর ‘মাউই’ চরিত্রে মেগাস্টার ডোয়াইন জনসন অনবদ্য অভিনয় করেন। আর নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগতা ক্যাথরিন লাগা’আইয়া।
দশকেরও বেশি সময় ধরে অ্যানিমেশনে ‘মাউই’ চরিত্রের নেপথ্যে কণ্ঠ দেওয়ার পর, এবার সরাসরি ক্যামেরার সামনে সেই চরিত্রে অভিনয় করাকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে অনন্য অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন ডোয়াইন জনসন।
এক সাক্ষাৎকারে ‘মাউই’ নিয়ে আবেগী হয়ে পড়েন দ্য রক, ‘লাইভ অ্যাকশনে মাউই চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের অন্য সব কাজ থেকে একদম আলাদা। পর্দায় যখন রক্ত-মাংসের মানুষের মাধ্যমে আমাদের পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ ফুটে ওঠে, তখন অনুভূতিটাই বদলে যায়।’ সূত্র: ফিল্মফেয়ার
জনসন জানান, গত এক দশকে একজন বাবা হিসেবে তার জীবনের নানা অভিজ্ঞতা ও উত্থান-পতন এ চরিত্রটিকে আরও গভীরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। এ ছাড়া চরিত্রটির সঙ্গে তার একটি ব্যক্তিগত আবেগও জড়িয়ে আছে। ‘মাউই’ চরিত্রের মধ্যে তিনি নিজের দাদার প্রতিচ্ছবি খুঁজে পান। পাশাপাশি হাওয়াইতে কাটানো তার শৈশব ও বেড়ে ওঠার দিনগুলোর স্মৃতি জড়িয়ে আছে এই গল্পের সঙ্গে।
সব মিলিয়ে, বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অ্যানিমেশনের ম্যাজিক এবার বাস্তবে দেখার জন্য।





