মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশুদের রোগ প্রতিরোধে মায়ের শাল দুধের চেয়ে বড় ভিটামিন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ালেই হবে না, মায়ের দুধও খাওয়াতে হবে। জন্মের পর পর শিশুকে মায়ের শাল দুধ খাওয়াতে হবে। শাল দুধের চেয়ে বড় ভিটামিন আর কিছু হতে পারে না। এ ছাড়া শিশুদের পানি, মধু, চিনি ও সুষম খাবার খাওয়াতে হবে। এতে তাদের শরীরে পুষ্টি তৈরি হবে।
রোববার (২৮ জুন) সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেইসঙ্গে হামসহ নানা রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।
বিগত সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকা না পাওয়ায় হাম মারাত্মকভাবে আক্রান্ত করেছিল জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্ষমতাগ্রহণ করার পর আমাদের হাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলও ছিল না। ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত ভিটামিন ‘এ’ সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমানে লাল ও নীল রঙের ২ কোটি ৬০ লাখ ভিটামিন ‘এ’ রয়েছে। এই ক্যাম্পেইনে ২ কোটি ৫৫ লাখ শিশুকে খাওয়ানো হবে।
সারা দেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, প্রথম দিন কোনো শিশু বাদ পড়লে দ্বিতীয় দিন খাবে, দ্বিতীয় দিন বাদ পড়লে তৃতীয় দিন, তৃতীয় দিন বাদ পড়লে চতুর্থ দিন; এভাবে ভিটামিন ‘এ’ খাওয়ানোর কার্যক্রম চলবে।
হামের টিকার মান নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, টিকার মান অত্যন্ত ভালো। একটি কনফারেন্স করে এসেছি, সেখানে টিকার মান নিয়ে কথা হয়েছে ইউনিসেফের সঙ্গে। অত্যন্ত উন্নত মানের টিকা সংগ্রহ করা হয়েছে। আন্তর্জাতিক পরীক্ষাগারে পরীক্ষা করে আমরা দেশে টিকা এনেছি।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ।






