জুলাই বিপ্লবকে টোটালি বিক্রি করছে বিএনপি এবং ছাত্রদল: শিবির সভাপতি

জুলাই বিপ্লবকে টোটালি বিক্রি করছে বিএনপি এবং ছাত্রদল বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, ৫ আগস্টের আগে যারা নিজেদের অসহায় এবং মজলুম হিসেবে তুলে ধরত, ক্ষমতা বা সুবিধার গন্ধ পেয়েই তারা এখন জালেম চরিত্রে অবতীর্ণ হয়েছে। বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রের সংস্কার, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই সংস্কারকে অগ্রাহ্য করার একটি প্রবণতা।
সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এই কথা বলেছেন তিনি।
নুরুল ইসলাম সাদ্দাম, বিএনপি তাদের নিজেদের দেওয়া ৩১ দফার সাথেই এখন প্রতারণা করছে। তারা বলেছিল দলীয় প্রশাসকের নিয়োগ দেবে না, কিন্তু প্রতিটি সেক্টরে এখন দলীয় লেজুড়বৃত্তি শুরু হয়েছে। জুলাইয়ের গণভোট বা সংস্কারের দাবিতে তারা এখন অনীহা দেখাচ্ছে, যা শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা।
তিনি বলেছেন, জুলাই বিপ্লবে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি ব্যবসা শুরু করেছে। তারা নিজেদের মনগড়া তালিকা দিচ্ছে এবং সেখানে শিবিরের শহীদদের নাম দেখে বারবার সেই তালিকা সংশোধন করছে। রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের চেয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দ্রুত ক্ষমতায় যাওয়াই এখন তাদের একমাত্র লক্ষ্যে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক অধ্যাদেশগুলো কার্যকর করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিদের অপসারণ করা হচ্ছে কারণ তারা দলীয় দাসত্ব করছেন না। আওয়ামী লীগের অনেক অপরাধীকে এখন জামিন দিয়ে পুনর্বাসন করার চেষ্টা চলছে। জুলাইয়ের এই মহান অর্জনকে কোনোভাবেই লুটপাটকারীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না।





