গোল নয়, আর্জেন্টিনা ভক্তের পায়ে পারেদেসের সেই ট্যাকল

মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ে আলোচনায় ছিল লিওনেল মেসির গোল-অ্যাসিস্ট, এনজো ফার্নান্দেজের শেষ মুহূর্তের জয়সূচক গোল। তবে এক আর্জেন্টিনা ভক্ত নিজের শরীরে স্থায়ী করে রাখলেন অন্য এক মুহূর্ত। সেটি কোনো গোল নয়, লিয়ান্দ্রো পারেদেসের একটি গুরুত্বপূর্ণ ট্যাকল।
শেষ ষোলোর ম্যাচে তখন স্কোর ২-২। ম্যাচের শেষ দিকে দ্রুত পাল্টা আক্রমণে উঠেছিল মিশর। সেই আক্রমণ থেকে গোল হলে আবারও এগিয়ে যেতে পারত আফ্রিকার দলটি। কিন্তু ঠিক সময়েই মিশরের সেই আক্রমণ থামিয়ে দেন পারেদেস। তার সেই রক্ষণাত্মক মুহূর্তই এখন জায়গা করে নিয়েছে এক ভক্তের ট্যাটুতে।
জিই-এর প্রতিবেদনে বলা হয়েছে, আদ্রি আগুইলেরা নামের এক আর্জেন্টিনা ভক্ত পারেদেসের সেই ট্যাকলের ছবি নিজের পায়ে ট্যাটু করেছেন। তিনি নিজেও একজন ট্যাটুশিল্পী। আদ্রি বোকা জুনিয়র্সের সমর্থক, যে ক্লাবের খেলোয়াড় পারেদেসও। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্যাটু করার প্রক্রিয়া শেয়ার করার পর সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়।
ঘটনাটির গুরুত্ব আরও বেড়ে যায় সময়ের কারণে। পারেদেসের সেই আক্রমণ ঠেকানোর এক মিনিট পরই আর্জেন্টিনা জয়সূচক গোল করে। লাউতারো মার্তিনেজের ক্রস থেকে হেডে গোল করেন এনজো ফার্নান্দেজ। ২-০ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে।
ফুটবলে সাধারণত গোলদাতারাই সবচেয়ে বেশি আলো পেয়ে থাকেন। কিন্তু মিশরের বিপক্ষে পারেদেসের সেই ট্যাকল মনে করিয়ে দিয়েছে, কখনো কখনো একটি রক্ষণাত্মক মুহূর্তও গোলের মতোই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড।





