পরমাণু কর্মসূচি পরিদর্শনে সম্মত ইরান, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পারমাণবিক কর্মসূচি দীর্ঘমেয়াদি উচ্চপর্যায়ের পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে ইরান। একইসঙ্গে তিনি ঘোষণা দেন, ওয়াশিংটন হরমুজ প্রণালির ওপর থেকে আরোপিত নৌ-অবরোধ শিথিল করবে এবং কঠোর মার্কিন তত্ত্বাবধানে সীমিত আর্থিক সহায়তা প্রদান করবে।
মঙ্গলবার (২৩ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে এই দাবি করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরান দীর্ঘমেয়াদে সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক পরিদর্শনে সম্পূর্ণভাবে সম্মত হয়েছে, যা দেশটির পারমাণবিক কর্মসূচির স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে। ইরান এ প্রস্তাবে রাজি না হলে দুই পক্ষের মধ্যে আর কোনো আলোচনা এগোত না।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান আরও কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে, যার ভিত্তিতে তিনি নতুন কোনো নৌ অবরোধ ছাড়াই হরমুজ প্রণালি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে প্রয়োজন হলে অবরোধ পুনর্বহাল করা যেতে পারে, যদিও বর্তমানে সেই সম্ভাবনা খুবই কম বলে তিনি মনে করেন।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র যে অর্থ বা নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা দিচ্ছে, তা সরাসরি ইরানের হাতে যাবে না। বরং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন একটি এসক্রো অ্যাকাউন্টে রাখা হবে এবং সেই অর্থ শুধুমাত্র খাদ্য ও চিকিৎসা সামগ্রী কেনার কাজে ব্যবহার করা যাবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত ভুট্টা, গম ও সয়াবিনও থাকবে।
ট্রাম্প বলেন, ইরানের জন্য এসব পণ্য অত্যন্ত প্রয়োজনীয় ও দেশটি একটি মানবিক সংকটের মুখোমুখি। তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সহায়তা পৌঁছে দেওয়া জরুরি। এ বিষয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে।
সূত্র: আলজাজিরা






