ভারতে হিন্দু চরমপন্থিদের হাতে বৃদ্ধ নির্যাতন দাবিতে প্রচারিত ভিডিওটি কনটেন্ট ক্রিয়েটরদের বানানো

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্য্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ‘ভারতে শতায়ু বৃদ্ধকে নির্মম নির্যাতন করছে হিন্দু চরমপন্থীরা।’ এতে ট্রাইসাইকেল হুইলচেয়ারে থাকা একজন বৃদ্ধকে কয়েকজন তরুণ মিলে তাকে ফেলে দিচ্ছে এমন দৃশ্য দেখা যায়। তবে এশিয়া পোস্ট যাচাই করে নিশ্চিত হতে পেরেছে দাবিটি সত্য নয়। বরং ভিডিওটি ভারতীয় কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের বানানো।
ফেসবুকে ‘ব্রিগেডিয়ার জেনারেল এম এ হক পেজ’ নামে একটি পেজ থেকে প্রচারিত এ সম্পর্কিত একটি পোস্টে নেটিজেনদের ব্যাপক প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। পোস্টটিতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (২৪ ঘণ্টার কিছু বেশি সময়ে) ৩ হাজারের বেশি প্রতিক্রিয়া আসতে দেখা গেছে। এ ছাড়াও পোস্টটিতে দুই শতাধিক মন্তব্যের পাশাপাশি হাজারেরে বেশিবার পুনরায় শেয়ার হতে দেখা গেছে। মন্তব্যগুলো পর্যলোচনা করে দেখা গেছে বেশির ভাগ নেটিজেনই দাবিটি সত্যি হিসেবে বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে ভিডিওটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেমের ছবি রিভার্স ইমেজ সার্চ করে Muklesur Bhaijaan 2.0 নামে একটি ইউটিউব চ্যানেলের সন্ধান পায় এশিয়া পোস্ট। এতে প্রচারিত ভিডিওটির সঙ্গে মিলে যায় এমন কিছু ভিডিও পোস্ট করতে দেখা গেছে। চ্যানেলটিতে ‘ak muslim chacha ko mara chapri na | #shortsvideo bike rider | bike rider vs chapri #shorts’ ক্যাপশনে গত বছরের ১৫ ডিসেম্বর পোস্ট করা হয়। উল্লিখিত চ্যানেলে ভিডিওটি ২৭ লক্ষাধিকবার ভিউ হতে দেখা গেছে। চ্যানেলটিতে বৃদ্ধ দাবি করা ব্যাক্তির অভিনয় করা আরও কিছু কনটেন্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
অন্যদিকে চ্যানেলটির বায়ো বা চ্যানেল সম্পর্কিত বিবরণ অংশে লেখা হয়েছে, ‘All the videos on my channel are scripted and carefully planned for entertainment purposes, keeping safety in mind. They are shown for entertainment only; please do not get offended.’ অর্থাৎ, ‘আমার চ্যানেলের সব ভিডিও বিনোদনের উদ্দেশ্যে তৈরি। নিরাপত্তা মাথায় রেখে এগুলো স্ক্রিপ্ট (লিখিত রূপ) অনুযায়ী এবং সাবধানে পরিকল্পনা করে বানানো হয়েছে। এগুলো কেবলই বিনোদনের জন্য দেখানো হয়েছে; দয়া করে কেউ এটিকে নেতিবাচকভাবে বা মনে কষ্ট হিসেবে নেবেন না।’
অর্থাৎ, ‘ভারতে হিন্দু চরমপন্থিরা শতায়ু বৃদ্ধকে নির্মম নির্যাতন করছে’ দাবিতে প্রচারিত ভিডিওটি আসলে ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরদের বানানো।