logo

নাটোরে যুবলীগ কর্মীর শিশু সন্তানকে হত্যাচেষ্টা দেখাতে ইসরায়েলি হামলায় আহত শিশুর ছবি প্রচার

নাটোরে যুবলীগ কর্মীর শিশু সন্তানকে হত্যাচেষ্টা দেখাতে ইসরায়েলি হামলায় আহত শিশুর ছবি প্রচার
যুবলীগ কর্মীর শিশু সন্তানকে কোল থেকে ফেলে হত্যাচেষ্টা দেখাতে ইসরায়েলি হামলায় আহত শিশুর ছবি প্রচার। ছবি : ফেসবুক পোস্ট

সম্প্রতি ফেসবুকে নাটোর জেলা যুবলীগ কর্মীর শিশু সন্তানকে কোল থেকে ফেলে হত্যার চেষ্টা দাবিতে মারাত্বকভাবে আহত শিশুর একটি ছবি ছড়ানো হচ্ছে। এতে দাবি করা হচ্ছে, নিহার বিশ্বাস নামে নাটোর জেলা যুবলীগের একজন কর্মীর আহত সন্তানের ছবি এটি। যুবলীগের ব্যানারে মিছিলে যাওয়ায় অপরাধে তার বাড়িতে হামলা করে স্থানীয় বিএনপি ও জামাত। তাকে না পেয়ে তার দেড় বছরের অবুঝ শিশুকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে নির্যাতন করা হয়। তবে এশিয়া পোস্ট যাচাই করে দেখেছে দাবিটি ভুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে আওয়ামীলীগ সংশ্লিষ্ট বেশকিছু পেজ এবং প্রোফাইল থেকে দাবিটি প্রচার করা হচ্ছে। ‘ফ্রিডম বাংলা নিউজ’ নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রোপাগান্ডা পেজ থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘নাটোর জেলা যুবলীগ কর্মীর শিশু সন্তানকে কোল থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা’। পোস্টটির ক্যাপশনে, ২১ সেপ্টেম্বর, ২০২৬ এর ঘটনা হিসেবে উল্লেখ করে দাবি করা হচ্ছে, ‘যুবলীগ কর্মীকে না পেয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়ে মায়ের কোল থেকে শিশু সন্তানকে ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত শিশুটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন।’

অন্যদিকে, ফ্রিডম বাংলা নিউজ’ নামে পেজটিতে করা এ সম্পর্কিত পোস্টটি সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভেরিফায়েড পেজ থেকেও শেয়ার করতে দেখা গেছে।

ছড়িয়ে পড়া দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে একই দাবিতে আরও বেশকিছু পোস্ট পাওয়া যায়। দেখুন এখানে এবং এখানে। পোস্ট গুলোতে দাবিটির পাশাপাশি যুবলীগ নেতার সন্তান দাবি করা আহত শিশুটির একটি স্পষ্ট ছবি সংযুক্ত করা হয়েছে।

তবে দাবিটির সঙ্গে সংযু্ক্ত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৪ সালের ২৬ অক্টোবর প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’তে হুবহু ছবিটিসহ একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটিতে জানানো হচ্ছে, দক্ষিণ লেবাননের ডেইর কানুন এন নাহর (Deir Qanoun En Nahr) থেকে পরিবারসহ পালানোর প্রস্তুতি নেওয়ার সময় দুই বছর বয়সী শিশু ইভানা ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত হয়। তাদের বাড়ি থেকে মাত্র ১০ মিটার দূরে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। বিস্ফোরণে ইভানার শরীরের প্রায় অর্ধেক অংশ মারাত্মকভাবে (থার্ড-ডিগ্রি বার্ন) পুড়ে যায়। লেবাননের রাজধানী বৈরুতের একটি হাসপাতালে প্লাস্টিক সার্জন ড. জিয়াদ সুলেইমানের তত্ত্বাবধানে ইভানার চিকিৎসা চলছিল বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

অন্যদিকে, প্রচারিত দাবিটি অর্থাৎ, ‘নাটোর জেলা যুবলীগ কর্মীর শিশু সন্তানকে কোল থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা’ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো জাতীয় বা স্থানীয় সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। বরং ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা আহত লেবাননি শিশুর ছবি ছড়িয়ে মিথ্যা প্রচারণা করা হচ্ছে এতে।