logo

৩৭ জেলায় ৯৯ প্রতিষ্ঠানকে জরিমানা

৩৭ জেলায় ৯৯ প্রতিষ্ঠানকে জরিমানা
ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: এশিয়া পোস্ট

দেশের ৩৭ জেলায় ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে ৯৯টি প্রতিষ্ঠানকে ৯ লাখ ৯১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ৩৭ জেলায় এ অভিযান চালানো হয়। অধিদপ্তরের ৫০টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে এ তদারকি কার্যক্রম চালায়।

Advertisement

অধিদপ্তর জানায়, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন অনিয়ম প্রতিরোধে এই অভিযান পরিচালিত হয়। অনিয়মগুলোর মধ্যে ছিল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন না করা, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন।

এ ছাড়া হোটেল-রেস্তোরাঁয় সংশ্লিষ্ট বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা-ও তদারকি করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি, অযৌক্তিকভাবে পণ্য মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।

বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।