যাত্রীসেবা না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান বাড়াতে বাস কোম্পানিগুলোকে নির্দিষ্ট সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে সেবার মান উন্নত না হলে নতুন কোম্পানি গঠন এবং প্রয়োজনে রুট বাতিল করে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।’
সোমবার (২৮ সেপ্টেম্বর) তেজগাঁও সড়ক ভবনে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম নিয়ে বাস মালিকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, ‘বাসের মান, যাত্রীসেবা ও শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব কোম্পানির। চালক-কর্মচারীরা নিয়ম না মানলে তার দায়ও কোম্পানিকে নিতে হবে।’
বাস মালিকদের ভাড়া বাড়ানোর দাবির বিষয়ে সড়কমন্ত্রী বলেন, ‘আগে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে।’
এ ছাড়া ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চার্জিং অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ, দক্ষ চালকদের দ্রুত লাইসেন্স দেওয়া এবং যাত্রীবান্ধব বাসস্টপেজ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান শেখ রবিউল আলম।
