এলএনজি সরবরাহ হ্রাস, গ্যাসের চাপ কমতে পারে

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহককে সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপের ভোগান্তিতে পড়তে হতে পারে।
মঙ্গলবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) আরএলএনজি সরবরাহ কমে গেছে।
পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধিভুক্ত এলাকার সব ধরনের গ্রাহকের গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে।
এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে গ্যাস সরবরাহও আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।




