ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফেসবুক-হোয়াটসঅ্যাপের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা ঢাকায় অফিস খুলতে আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিষ্ঠানটি বাংলাদেশের ই-কমার্স, অনলাইন ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে কাজ করার আগ্রহের কথা জানিয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণসহ নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজকে আমাদের মেটার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এটি মিটিং হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সেখানে থাকার কথা ছিল। সময়ের কারণে থাকতে পারেননি।
অনলাইন ব্যবসা-বাণিজ্যেও সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, মেটার সঙ্গে ঢাকায় অফিস খোলার বিষয়ে কথা হয়েছে। তারা খুবই আগ্রহী। এর ফোকাল পয়েন্ট ঢাকায় করবে কারণ ভারতের চেয়েও বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী বেশি। আমাদের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ) নিয়েও কথা হয়েছে। আমাদের ই-কমার্স, অনলাইন ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে মেটা সহযোগিতা করবে।
শামা ওবায়েদ বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে মেটা কাজ করতে চায়। বিশেষ করে বাংলাদেশে বিভিন্নভাবে জিডিটাল হ্যারাসমেন্ট হচ্ছে, সেটা নিয়ে কথা হয়েছে। বাংলাদেশের এই ডিজিটাল হ্যারাসমেন্ট কমাতে সাহায্য করতে পারে, সরকারের সঙ্গে কাজ করতে পারে, সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করতে পারে, সেগুলো নিয়ে কথা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রথম যে বাজেট দেওয়া হয়েছে, সেখানে টেকনোলজি, ই-কমার্সে যে বরাদ্দ দেওয়া হয়েছে, সেটা নিয়েও কথা হয়েছে। তারা সেটাতে অ্যাপ্রিসিয়েট করেছে। তারা খুবই আগ্রহী এবং ভবিষ্যতে তারা বাংলাদেশের টিমের সঙ্গে কাজ করবে এবং তারা পর্যালোচনা করে জানাবে যে ঢাকায় কখন অ ফিস খুলবে।
