logo

অতিরিক্ত আইডি বন্ধ করছে ফেসবুক

অতিরিক্ত আইডি বন্ধ করছে ফেসবুক
ফেসবুক। ফাইল ছবি

ফেসবুকের অতিরিক্ত আইডি বা ‘অ্যাডিশনাল প্রোফাইল’ সুবিধা স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে তৈরি করা অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা। তবে তাদের মূল (প্রাইমারি) প্রোফাইল আগের মতোই সচল থাকবে।

এ নিয়মে ফলে যেসব ব্যবহারকারী একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক প্রোফাইল ব্যবহার করছেন, তাদের নির্ধারিত সময়ের আগেই ছবি, ভিডিও, পোস্টসহ প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করে রাখতে হবে। পাশাপাশি বন্ধু, গ্রুপ ও পেজের সঙ্গে যোগাযোগ ধরে রাখতে কিছু পদক্ষেপ নিতে হবে।

Advertisement

অ্যাডিশনাল প্রোফাইল কী

এটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে মূল প্রোফাইলের পাশাপাশি তৈরি করা অতিরিক্ত ব্যক্তিগত প্রোফাইল। ব্যবহারকারীরা নিজেদের বিভিন্ন আগ্রহ, পছন্দ, শখ কিংবা নির্দিষ্ট কমিউনিটির সঙ্গে যুক্ত থাকার জন্য এসব প্রোফাইল তৈরি করতে পারতেন।

এত দিন একটি অ্যাকাউন্টের অধীনে সর্বোচ্চ চারটি অতিরিক্ত প্রোফাইল তৈরির সুযোগ ছিল। প্রতিটি প্রোফাইলের জন্য আলাদা বন্ধুতালিকা, নিউজ ফিড এবং গ্রুপ ও পেজ অনুসরণের সুবিধা পাওয়া যেত। ফলে কেউ চাইলে ব্যক্তিগত পরিচয়ের পাশাপাশি শখ, পেশা কিংবা নির্দিষ্ট আগ্রহের জন্য আলাদা প্রোফাইল ব্যবহার করতে পারতেন।

অতিরিক্ত আইডিগুলো মূল অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ আলাদা ছিল না। একই লগইন তথ্য দিয়ে মূল ও অতিরিক্ত সব প্রোফাইলে প্রবেশ করা যেত।

তবে মনে রাখা জরুরি, অতিরিক্ত প্রোফাইল থেকে সংগৃহীত কিছু তথ্য, বিশেষ করে বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্য, মূল প্রোফাইলের ফেসবুক তথ্য ডাউনলোড করার মাধ্যমেই পাওয়া যেতে পারে। তাই শুধু অতিরিক্ত প্রোফাইলের তথ্য নয়, প্রয়োজনে মূল প্রোফাইলের তথ্যও ডাউনলোড করে রাখা উচিত।

ফেসবুক অ্যাকাউন্টে একাধিক প্রোফাইল থাকলে সেগুলো সহজেই শনাক্ত করা যাবে। এ জন্য ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে ফেসবুক অ্যাপে লগইন করুন।

২. ওপরের দিকে ডান পাশের থাকা নিজের প্রোফাইল ছবিতে চাপ দিন।

৩. এরপর ‘See all profiles’ অপশনে প্রবেশ করুন।

৪. সেখানে মূল প্রোফাইলের পাশাপাশি অন্য কোনো প্রোফাইল দেখা গেলে সেগুলো আপনার অ্যাডিশনাল প্রোফাইল।

একই লগইন তথ্য ব্যবহার করে এসব প্রোফাইলে প্রবেশ করা গেলে বুঝতে হবে, সেগুলো একই মেটা অ্যাকাউন্টের অধীনে রয়েছে।

অতিরিক্ত আইডির তথ্য ডাউনলোড যেভাবে

অতিরিক্ত আইডি বন্ধ হওয়ার আগে ছবি, পোস্টসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। যেমন—

১. প্রথমে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে চান, সেটিতে সুইচ করুন।

২. এরপর Settings & Privacy থেকে Settings অপশনে প্রবেশ করুন।

৩. Your Information and Permissions বিভাগে গিয়ে Export Your Information নির্বাচন করুন।

৪. এরপর Create Export অপশনে ক্লিক করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি নির্বাচন করুন। তথ্য নিজের ডিভাইসে নাকি অন্য কোনো বাহ্যিক সেবায় সংরক্ষণ করবেন, তা নির্ধারণ করুন।

৫. সবশেষে যে ধরনের তথ্য ডাউনলোড করতে চান, সেগুলো নির্বাচন করে Create Export-এ ক্লিক করুন।

এরপর ফেসবুক আপনার নির্বাচিত তথ্য ডাউনলোডের জন্য প্রস্তুত করবে। তথ্যের পরিমাণ ও ধরন অনুযায়ী এ কাজে কিছুটা সময় লাগতে পারে। তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আগেভাগেই ডাউনলোডের অনুরোধ জানানো ভালো।

আপনার একাধিক অ্যাডিশনাল প্রোফাইল থাকলে প্রতিটির তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে। তবে অতিরিক্ত প্রোফাইল থেকে সংগৃহীত কিছু তথ্য, বিশেষ করে বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্য, মূল প্রোফাইলের ফেসবুক তথ্য ডাউনলোড করার মাধ্যমেই পাওয়া যেতে পারে। তাই শুধু অতিরিক্ত প্রোফাইলের তথ্য নয়, প্রয়োজনে মূল প্রোফাইলের তথ্যও ডাউনলোড করে রাখা উচিত।

অতিরিক্ত প্রোফাইল দিয়ে কোনো ফেসবুক গ্রুপ পরিচালনা করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কারণ প্রোফাইল মুছে গেলে গ্রুপ পরিচালনায় সমস্যা তৈরি হতে পারে। তাই ১৪ ডিসেম্বরের আগেই মূল প্রোফাইলকে গ্রুপের অ্যাডমিন হিসেবে যুক্ত করুন। প্রয়োজনে অন্য কোনো বিশ্বস্ত ব্যক্তিকেও অ্যাডমিনের দায়িত্ব দিতে পারেন। এতে অতিরিক্ত প্রোফাইল বন্ধ হলেও গ্রুপের কার্যক্রম চালু রাখা সহজ হবে।

অতিরিক্ত আইডি দিয়ে যেসব ফেসবুক গ্রুপে যুক্ত ছিলেন এবং যেসব পেজ অনুসরণ করতেন, সেগুলোর তালিকা তৈরি করে রাখুন। এরপর মূল প্রোফাইল থেকে প্রয়োজনীয় গ্রুপে যোগ দিন এবং পছন্দের পেজগুলো আবার অনুসরণ করুন। এতে প্রোফাইল বন্ধ হওয়ার পরও পছন্দের কমিউনিটি ও কনটেন্টের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।

কোন প্রোফাইলগুলো মুছে ফেলা হবে না

মেটার এই সিদ্ধান্ত অনুযায়ী সব ফেসবুক প্রোফাইল বন্ধ হচ্ছে না। মূলত একই মেটা অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলোই মুছে ফেলা হবে।

যেসব প্রোফাইল এই সিদ্ধান্তের আওতায় পড়বে না, সেগুলো হলো—

১. ব্যবহারকারীর মূল ফেসবুক প্রোফাইল।

২. মূল অ্যাকাউন্টের অধীনে পরিচালিত ফেসবুক পেজ।

৩. আলাদা মেটা অ্যাকাউন্টের অধীনে থাকা স্বতন্ত্র ফেসবুক প্রোফাইল।

যারা শুধু একটি সাধারণ ফেসবুক প্রোফাইল ব্যবহার করেন, তাদের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তাদের অ্যাকাউন্ট আগের মতোই সচল থাকবে।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে চালু হওয়া এ ফিচারের মাধ্যমে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেই একাধিক আলাদা প্রোফাইল তৈরির সুযোগ পেতেন ব্যবহারকারীরা। ব্যক্তিগত যোগাযোগ, কর্মক্ষেত্রের নেটওয়ার্কিং কিংবা বিভিন্ন ফেসবুক গ্রুপে অংশগ্রহণের মতো ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে এসব প্রোফাইল ব্যবহার করা যেত। এতে আলাদা ইমেইল ঠিকানা বা নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হতো না।