logo

এক বছরে এইডস রোগী বেড়েছে ২২ শতাংশ, বড় কারণ পরীক্ষার ঘাটতি

• এক বছরে নতুন রোগী ২৩০৫ জন, মৃত্যু ২৮৫ জনের

• ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে বেড়েছে ১১ শতাংশ, অধিকাংশ তরুণ

• এখনো বাধা সামাজিক নৈতিবাচক ধারণা

• সরকারের ভুল নীতিতে নিয়ন্ত্রণ ব্যাহত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা

এক বছরে এইডস রোগী বেড়েছে ২২ শতাংশ, বড় কারণ পরীক্ষার ঘাটতি
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

দীর্ঘ ১০ বছর প্রবাসে কাটিয়ে গত সেপ্টেম্বরে দেশে ফেরেন ৩৭ বছর বয়সী ইমতিয়াজ হোসেন (ছদ্মনাম)। চলতি বছরের গোড়ার দিকে যক্ষ্মা ধরা পড়ে। পরে দেখা দেয় আরও নানা জটিলতা। একপর্যায়ে এইডসে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয় তার মধ্যে। অসুস্থতা নিয়ে গত সেপ্টেম্বরে দেশে ফিরে চিকিৎসকের শরণাপন্ন হন। পরে রাজধানীর জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে করানো পরীক্ষায় তার এইডস ধরা পড়ে।

ইমতিয়াজ শুধু একা নন, গত এক বছরে দেশে ২ হাজার ৩০৫ জন নতুন করে এইডস রোগী শনাক্ত হয়েছেন। যাদের বড় অংশই সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি, কুসংস্কারের কারণে এইচআইভির ভাইরাস নিয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, উদ্বেগেজনক এই চিত্রের পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে আছে জনস্বাস্থ্যের এক বড় সংকট। তরুণ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ দ্রুত বিস্তার ঘটছে, কিন্তু তীব্র সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে গোপন করায় শেষ সময়ে গিয়ে শনাক্ত ও চিকিৎসার আওতায় আসছে রোগীরা।

এইডস হেলথকেয়ার ফাউন্ডেশনের (এএইচএফ) কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার আখতার জাহান শিল্পী এশিয়া পোস্টকে বলেন, এমএসএম ও এমএসডব্লেউ’র (সমকামী) মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ বাড়বেই। আমরা তা প্রত্যাশা করি না, কিন্তু সামনে হয়তো আরও বাড়বে। এর কারণ হলো, আমরা তাদের সেবা দেওয়ার বিষয়টি আড়ালে রেখে তাদের আচরণ নিয়ে বেশি কথা বলছি। এ ধরনের পরিস্থিতিতে কাউকে কেবল বললেই সে রাতারাতি নিজের আচরণ বদলে ফেলবে না।

রেকর্ড শনাক্তে রোগী বেড়েছে ২২ শতাংশের বেশি

জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির (এসটিডি) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট এইডস রোগীর সংখ্যা ১৯ হাজার ৮৪৩। এর মধ্যে শুধু গত এক বছরেই শনাক্ত হয়েছে ২ হাজার ৩০৫ জন। ২০২৫ সালের নভেম্বর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে তাদের এইডস শনাক্ত হয়। আগের এক বছরের একই সময়ের তুলনায় এই হার ২২ শতাংশ বেশি। নতুন আক্রান্তদের মধ্যে সবেচেয়ে বেশি শনাক্ত হয়েছে ২৫ থেকে ৪৯ বছর বয়সীদের মাঝে।

এসটিডির তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৩ সাল থেকে টানা চার বছর ক্রমাগত শনাক্ত রোগী বাড়ছে। ওই বছর প্রথমবার শনাক্ত হাজার ছাড়ায়। এরপর সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এর মধ্যে ২০২৩ সালে ছিল ১ হাজার ২৭৬ জন, ২০২৪ সালে ১ হাজার ৪৩৮ জন আর গত বছর শনাক্ত রোগী ছিল এক হাজার ৮৯১ জন।

আবারও রেকর্ড মৃত্যু

শনাক্ত হলে মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে কয়েক বছর ধরে। গত এক বছরে ভাইরাসটিতে ২৮৫ জনের মৃত্যু হয়েছে। আগের বছর এই সংখ্যাই ছিল ২১৯। এ ছাড়া ২০২৪ সালে ১৯৫ জন, ২০২৩ সালে মৃত্যু হয় ২৬৬ জনের।

এইডস শনাক্তে সারা দেশে ২৭টি সরকারি হাসপাতালে টেস্টিং সেন্টার ও ১৬টি মেডিকেল কলেজ/জেলা সদর হাসপাতালে এবং ৮টি বেসরকারি সংস্থার ড্রপ ইন সেন্টারে এইচআইভি আক্রান্তদের চিকিৎসাসেবা চলছে। এসব সেন্টারে শনাক্ত বাড়লেও মৃত্যু ঠেকানো যাচ্ছে না।

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীতে শনাক্ত বেড়েছে ১১ শতাংশ, অধিকাংশ তরুণ

এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্যমতে, এ বছর মোট আক্রান্তদের ৬০ শতাংশই এমএসএম ও এমএসডব্লিউ। গত বছর এই হার ছিল ৪৯ শতাংশ। সে অনুযায়ী, ঝুঁকিপূর্ণ এই জনগোষ্ঠীর মাঝে সংক্রমণে বেড়েছে ১১ শতাংশ।

শ্রেণিভেদে হারের চিত্রে আরও দেখা যায়, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে ৫ শতাংশ, বিদেশ ফেরত ও তাদের পরিবারদের মাঝে ১১ শতাংশ, শিরায় মাদক গ্রহণকারীদের মাঝে ৪ শতাংশ, যৌনকর্মীদের মাঝে ১ শতাংশ এবং সাধারণ জনগোষ্ঠীর মাঝে ১৮ শতাংশ এইডসের সংক্রমণ পাওয়া গেছে।

এ বছর সবচেয়ে বেশি এইডস রোগী শনাক্ত হয়েছে জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতাল কেন্দ্রে। প্রথমবারের মতো এই সেন্টারে ৩৯৪ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। এক বছরের মধ্যে এর আগে এত শনাক্ত। পাশাপাশি মৃত্যু হয়েছে ৩৮ জনের।

নির্ণয়ের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসায় ২৫ শয্যার আলাদা ইউনিট রয়েছে সংক্রামক ব্যাধি হাসপাতালে। শনিবার পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ২০ জন। দৈনিক ছয় থেকে দশজন, মাসে ১৭০ থেকে ২০০ জন এইডসের লক্ষণ নিয়ে আসছেন এই কেন্দ্রে।

সংক্রামক ব্যাধি হাসপাতালের পরামর্শদাতা ও প্রশাসনিক কর্মকর্তা মো. লিটন খান এশিয়া পোস্টকে বলেন, একসময় যৌনকর্মীদের মাঝে আক্রান্তের হার বেশি থাকলেও বর্তমানে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে এমএসএম ও এমএসডব্লিউর মাঝে। যাদের আবার বড় অংশই তরুণ, যেখানে বিভিন্ন পেশায় নিয়োজিতরা, প্রবাসী, শিক্ষার্থী পাওয়া যাচ্ছে, এটি উদ্বেগজনক। অনেকে হয়তো এখনও লক্ষণ নিয়ে গোপনে রয়েছেন। সে রকম পরিবেশ না পাওয়ায় অনেকে বলার সাহস পান না। এমনকি কাছের মানুষদের সঙ্গেও আলোচনা করতে ভয় পান কেউ কেউ। কারণ, এইডসে আক্রান্ত জানলেই সামাজিকভাবে একধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়।

তিনি আরও বলেন, দেখা যাচ্ছে বন্ধু বন্ধুর বাসায় যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, পরিবারও বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছে না। কিন্তু এই সমকামীদের মধ্যে সবচেয়ে বেশি ঘটনাগুলো এভাবেই ঘটে। এখানে মাধ্যমিকের শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এমনকি মেডিকেল শিক্ষার্থীদের মাঝেও ভাইরাসটির উপস্থিতি পাওয়া যাচ্ছে।

একই চিত্র পাওয়া গেছে ঢাকার বাইরের কেন্দ্রেও। যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল কেন্দ্রের আওতায় ৩৫০-এর মতো এইডস আক্রান্ত রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।

এই কেন্দ্রের পরামর্শক ও প্রশাসনিক কর্মকর্তা সুদেব কুমার বিশ্বাস বলেন, ‘এমএসএম ও এমএসডব্লি’র হলেই যেন শিক্ষার্থী-এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। যারা আসছে, কীভাবে হলো সবকিছু শুনে যতটা পারি প্রতিরোধের উপায়গুলো দিয়ে থাকি আমরা।’

শনাক্তের হারে সংখ্যায় কম-বেশি হলেও শিক্ষার্থীদের আক্রান্তের হারের তথ্য প্রায় একই পাওয়া গেছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে।

জানতে চাইলে জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির (এসটিডি) পরিচালক ডা. মো. খায়রুজ্জামানের এশিয়া পোস্টকে বলেন, আগের চেয়ে তুলনামূলক ডায়াগনোসিস বেড়ে যাওয়ায় শনাক্ত রোগী বেড়েছে। এটি ইতিবাচক দিক। শনাক্তের বাইরে থাকলে প্রতিকার কিংবা চিকিৎসা কিছুই হবে না।

তিনি আরও বলেন, বর্তমানে মোট আক্রান্তদের মধ্যে বেশির ভাগ এমএসএম ও এমএসডব্লিউ’র মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী। এটি হয়তো আগে ছিল কিন্তু প্রকাশ্যে না আসায় তারা শনাক্ত ও চিকিৎসার বাইরে থাকত। এখন ধীরে ধীরে প্রকাশ্যে আসায় শনাক্ত করা যাচ্ছে। তবে কী কারণে তরুণদের মধ্যে বাড়ছে এটি গবেষণার বিষয়। গত দু-তিন বছর ধরে এটি ক্রমাগত বাড়ছে।

এই কর্মকর্তা বলেন, আক্রান্তদের মধ্যে স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরাও রয়েছেন। আসল ব্যাপার হলো, এমএসএম ও এমএসডব্লিউ আগেও ছিল, কিন্তু হয়তো সেটি প্রকাশ পেত না। এখন শিক্ষার্থীদের মধ্যেও প্রকাশ পাচ্ছে। এ ছাড়া যারা বড় তাদের ভিতরেও রয়েছে, কিন্তু তারাও গোপন করছে। সমাজ আগে বাধা দিত, এখন সেটি প্রকাশ করতে পাচ্ছে, তাই ডায়াগনোসিস হচ্ছে। শনাক্ত হওয়ার ফলে আক্রান্তদের চিকিৎসার আওতায় আনা সম্ভব হচ্ছে।

ডা. খায়রুজ্জামান আরও বলেন, আমাদের প্রতিরোধ কার্যক্রমটাই বেশি। এখন পর্যন্ত যে মেথডগুলো দিয়ে শনাক্তকরণ, চিকিৎসা এবং প্রতিরোধমূলক কার্যক্রম চলছে, এটাই সবচেয়ে বেশি আধুনিক পদ্ধতি।

যদিও বিশেষজ্ঞরা বলছেন, দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অস্থিরতার কারণে এইচআইভি-এইডস নিয়ে মাঠপর্যায়ে কাজ করা অনিরাপদ হয়ে পড়েছে। একই সঙ্গে সরকারি ১৬টি অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) সেন্টারের কার্যক্রমে স্থবিরতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণে সংক্রমণ পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা রয়েছে।

সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে এইডস হেলথকেয়ার ফাউন্ডেশনের (এএইচএফ) কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার আখতার জাহান শিল্পী এশিয়া পোস্টকে বলেন, এ ব্যাধি নিয়ন্ত্রণে সরকারের এসটিডি (যৌনরোগ নিয়ন্ত্রণ) কর্মসূচির যে ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার, তা দেখা যাচ্ছে না। ভাইরাসটি নিয়ন্ত্রণে সব অংশীজনের (স্টেকহোল্ডার) সঙ্গে সংশ্লিষ্টদের বসার কথা থাকলেও তা হচ্ছে না। আলোচনার অভাবে যেমন সমস্যাগুলো চিহ্নিত হচ্ছে না, তেমনি কোনো সমাধানও বেরিয়ে আসছে না।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশ একটি আর্থসামাজিক ও রাজনৈতিক অস্থিরতা এবং নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় এইচআইভি-এইডসের মতো সংবেদনশীল বিষয় নিয়ে কাজ করতে গিয়ে আমাদের কর্মী ও অংশীদারেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করা এখন আর নিরাপদ নয়।

মাঠপর্যায়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে আখতার জাহান শিল্পী বলেন, আগে যেসব স্থানে তারা জড়ো হতো এবং যেখানে আউটরিচ কার্যক্রম চলত, সেসব জায়গা উচ্ছেদ হয়ে যাওয়ায় তারা এখন ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে। ফলে তাদের নাগাল পাওয়া (হার্ড টু রিচ) দুষ্কর হয়ে উঠেছে।

সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর দুরবস্থার চিত্র তুলে ধরে এএইচএফের এই কর্মকর্তা বলেন, অপারেশন প্ল্যান না থাকায় দীর্ঘদিন ধরে সরকারের এআরটি সেন্টারগুলো বন্ধ, আবার কোনোটি সামান্য চলছে। ফলে প্রায় আড়াই বছর ধরে রোগীদের ফলোআপ, এআরটি সেবা ও অন্যান্য আনুষঙ্গিক রোগের চিকিৎসা কার্যক্রম খুব একটা ভালো অবস্থায় নেই।

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের মধ্যে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে আখতার জাহান শিল্পী বলেন, এমএসএম ও এমএসডব্লিউর মধ্যে সংক্রমণ বাড়বেই। আমরা তা প্রত্যাশা করি না, কিন্তু সামনে হয়তো আরও বাড়বে। এর কারণ হলো, আমরা তাদের সেবা দেওয়ার বিষয়টি আড়ালে রেখে তাদের আচরণ নিয়ে বেশি কথা বলছি। এ ধরনের পরিস্থিতিতে কাউকে কেবল বললেই সে রাতারাতি নিজের আচরণ বদলে ফেলবে না।