logo

প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প
ছবি: এশিয়া পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে চার হাজারের বেশি দরিদ্র ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের চিকিৎসকদের উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ শিশু হাসপাতালের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক।

এ সময় উপস্থিত ছিলেন ডা. মো. খায়রুল ইসলাম, অধ্যাপক ডা. এম এ কামাল, ডা. মাহবুব আরেফীন রেজানুর, ডা. তুষান, ডা. ইকবাল, ডা. তোহিদুল ইসলাম জন, ডা. মো. হারুন অর রশিদ রাকিব, ডা. মো. আশরাফুল আলম খান, ডা. এম এ আজহারুল ইসলাম, ডা. জাফর ইকবাল জামালি, ডা. মোহাম্মদ শফিউল্লাহ, ডা. এসএম নওরোজ, ডা. মো. জাভেদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব। ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ চিকিৎসক ও সংগঠকদের মানবিক উদ্যোগের প্রতি জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। তিনি তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ডা. মাহবুব আরেফীন রেজানুর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব হয়ে উঠবে বলে জানান। দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং প্রত্যেক নাগরিকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ ও আয়োজক চিকিৎসকরা।