জন্মদিন উপলক্ষে রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। দীর্ঘ সংগীতজীবনে বাংলা, হিন্দি, উর্দুসহ বিভিন্ন ভাষার গানে কণ্ঠ দিয়ে মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতাকে। চলচ্চিত্রের গান থেকে শুরু করে আধুনিক ও দেশাত্মবোধক সংগীত- বিচিত্র ধারায় তার অবদান অনন্য। এবার এই শিল্পীর জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। আর সেই আয়োজনে রুনা লায়লার হাতে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের গিটার।
আগামী ১৭ নভেম্বর রুনা লায়লার জন্মদিন। শিল্পীর জন্মদিনকে ঘিরে ‘রুনা মহল’ নামের ব্যতিক্রমী অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে জন্মদিনের শুভেচ্ছা উপহার হিসেবে তার হাতে স্বর্ণের গিটার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। বিশেষ এই উপহার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন রুনা লায়লা।
অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং আলমগীরকন্যা সংগীতশিল্পী আঁখি আলমগীর। তাদের উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
রুনা লায়লার সংগীতজীবন যেমন দীর্ঘ, তেমনি বৈচিত্র্যময়। বাংলা চলচ্চিত্রের অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি উপমহাদেশের বিভিন্ন ভাষার গানেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। তার কণ্ঠের জাদুতে কয়েক প্রজন্মের শ্রোতা মুগ্ধ হয়েছেন। তবে এই শিল্পীর জীবনের অনেক অজানা গল্প ও তথ্য এখনো শ্রোতাদের কাছে অজানা।
চ্যানেল আই জানিয়েছে, ‘রুনা মহল’ অনুষ্ঠানের মধ্য দিয়ে রুনা লায়লার জীবনের এমন অনেক অজানা তথ্য উঠে আসবে। আগামী ১৭ নভেম্বর রুনার জন্মদিনে রাত ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে অনুষ্ঠানটি। এটি পরিচালনা করেছেন আরিফ খান। প্রযোজনায় রয়েছেন অনন্যা রুমা।