বগুড়ায় সংস্কারকৃত হেলিপ্যাডে প্রথম অবতরণ করলেন সেনাপ্রধান

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও অযত্নে পড়ে থাকা হেলিপ্যাডটি সংস্কারের পর প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। সংস্কারকৃত এই হেলিপ্যাডে প্রথম যাত্রী হিসেবে অবতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পর্যবেক্ষণের উদ্দেশ্যে শিবগঞ্জে আসার পর তার হেলিকপ্টারটি এই হেলিপ্যাডে অবতরণ করে।
এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা স্থানটি আবার কার্যকরভাবে ব্যবহারের ঐতিহাসিক সূচনা হলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জে দীর্ঘদিন ধরেই এই হেলিপ্যাডের স্থানটি নির্ধারিত থাকলেও বছরের পর বছর তা চরম অবহেলায় পড়ে ছিল। ইতিপূর্বে এটি সংস্কারের কোনো উদ্যোগও নেওয়া হয়নি। অবশেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হেলিপ্যাডটি দ্রুত সংস্কার করে ব্যবহারের উপযোগী করা হয়।





