সেনাবাহিনীর মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আকস্মিক এ সফরে তিনি প্রশিক্ষণ কার্যক্রম, রণকৌশল এবং সেনাসদস্যদের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
মঙ্গলবার (৭ জুলাই) মানিকগঞ্জের সিংগাইরে সকাল ৯টা ২০ মিনিটে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে চলমান প্রশিক্ষণ, কৌশলগত প্রস্তুতি ও মহড়ার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন তিনি। একই সঙ্গে একটি মৌখিক অপারেশনাল নির্দেশনা (ভার্বাল অর্ডার) উপস্থাপন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি ‘রেইড’ মহড়াও প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকায় সেনাসদস্যদের যুদ্ধক্ষেত্রে অবস্থান গ্রহণ, রণকৌশল প্রয়োগ, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী অনুশীলনের বিভিন্ন দিক ঘুরে দেখেন। তিনি একটি সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের খোঁজখবর নেন।
পরিদর্শনের একপর্যায়ে মাঠে সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে চা পান করেন এবং অনানুষ্ঠানিকভাবে কিছু সময় কাটান।
সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের অন্যতম প্রতীক সেনাবাহিনী। তিনি জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীর ভূমিকার প্রশংসা করে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর ধারাবাহিক সাফল্য কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





