পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

বাংলাদেশ পুলিশ ক্যাডারের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন ডিআইজি, দুজন অতিরিক্ত ডিআইজি, ১৪ জন পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), রংপুর মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন ইউনিটে এই রদবদল আনা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব তৌছিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে এবং একই ইউনিটের উপকমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে পিটিসি, রংপুরে পদায়ন করা হয়েছে। পুলিশ টেলিকম, রাজারবাগের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়ির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকার ডিআইজি করা হয়েছে।
সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার করা হয়েছে। টিডিএস, ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে পিটিসি, রংপুরের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।
সিআইডির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে সংযুক্ত রয়েছেন।
রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।
স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার কবীর আহম্মেদকেও একই ইউনিটে পদায়ন করা হয়েছে।
সিআইডি, ঢাকার বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি-পদায়ন করা এসব কর্মকর্তাকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।






