১ ডিসেম্বর থেকে যেসব শাস্তি হতে পারে গাড়িচালক ও মালিকদের

রাজধানীর সড়কগুলো শৃঙ্খলা ফেরাতে নতুন কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যানবাহনের চালক ও মালিকদের এসব নির্দেশনা পালন করতে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগের এসব নির্দেশনা না মানলে শাস্তির মুখে পড়তে পারেন চালক ও মালিকরা।
গত মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে ডিএমপি জানিয়েছে, যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ডিএমপি। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে। তল্লাশিচৌকিতে বিশেষ নজরদারির আওতায় আসবে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস।
তবে ৩ চাকার হালকা যান, পিকআপ ভ্যান, বাস, মিনিবাস ও ট্রাক নজরদারির বাইরে থাকবে না। এ ছাড়া অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও অন্যান্য হর্ন ব্যবহার করলেই ব্যবস্থা।
সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর ৮১ নম্বর বিধি অনুযায়ী, কেবল জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত ৪ ক্যাটাগরির যানবাহনে বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি আছে। সেগুলো হলো, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান ও রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত একই ধরনের যানবাহন।
এ ছাড়া মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস, ট্রাকসহ সব ধরনের ব্যক্তিগত ও বাণিজ্যিক মোটরযানে তীক্ষ্ণ বা উচ্চ শব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক, নিউম্যাটিক, মাল্টিটিউনড বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
বিধি ৮১ (২) অনুসারে, হর্নের মাধ্যমে উৎপন্ন শব্দের মানমাত্রা শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এ নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে।
এই বিধি ভাঙলে প্রতিবার অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড প্রযোজ্য হবে।
হতে পারে শাস্তি
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৫ ধারায় বলা আছে, কোনো মোটরযান চালক নির্ধারিত শব্দমাত্রার অতিরিক্ত বা উচ্চমাত্রার কোনো শব্দ সৃষ্টি করতে পারবেন না। এর ৮৮ ধারা অনুযায়ী, কেউ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
নিয়মের বাইরে গিয়ে কেউ যানবাহনে অনুমোদনহীন হর্ন বা বিকন বাতি সংযোজনের মতো কারিগরি পরিবর্তনের অপরাধে অন্যূন এক বছর থেকে অনধিক তিন বছরের কারাদণ্ড, অনধিক তিন লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।




