Advertisement

ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

এশিয়া পোস্ট নিউজ
ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক দূত সার্জিও গোর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।

তিন দিনের সফরে এবারই প্রথমবারের মতো বাংলাদেশে আসলেন তিনি। কূটনৈতিক মহল এই সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ যাচাইয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।

ঢাকা সফরকা‌লে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সার্জিও গোর।

সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন সার্জিও গোর। এরপর রাতে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকের বসার কথা আছে তার।

শুক্রবার কক্সবাজার সফর করে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প সরেজমিন পরিদর্শন করবেন সার্জিও গোর।

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হতে পারে।

শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পর প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটিই প্রথম সফর।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরসহ নানা বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তির সঙ্গে ঢাকার কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার প্রেক্ষাপটে সার্জিও গোরের এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।