কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় রশি ছিঁড়ে সাগরে ছিটকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া পর্যটক শৌভিক রায় খুলনা থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।
কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মী মাহবুব আলম জানান, খুলনা থেকে আসা নয়জনের একটি পর্যটক দল কক্সবাজার ভ্রমণে এসে কলাতলীর একটি হোটেলে ওঠেন। শনিবার দুপুরে দরিয়ানগরে ‘প্যালাডিন প্যারাসেইলিং’ নামের এক প্রতিষ্ঠানে প্যারাসেইলিং করতে গিয়ে হঠাৎ রশি ছিঁড়ে সাগরে পড়ে যান শৌভিক। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ হাসপাতালে মর্গে রয়েছে।
স্থানীয় ও সৈকত সূত্র জানায়, সংশ্লিষ্ট প্যারাসেইলিং পয়েন্টটিতে গত দুই বছরে অন্তত ১০ জন পর্যটক দুর্ঘটনার শিকার হয়েছেন। অদক্ষ চালক ও অনভিজ্ঞ কর্মীদের দিয়ে ঝুঁকিপূর্ণভাবে এটি পরিচালনা এবং প্রশাসনের শর্ত না মানার অভিযোগ দীর্ঘদিনের।
এর আগে, ২০২৪ সালের জানুয়ারিতে নিরাপত্তা ঝুঁকির কারণে বেশ কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসন এটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। কিন্তু কিছুদিন পর রহস্যজনক কারণে এটি আবার চালু করা হয়। সর্বশেষ গত এপ্রিলেও একই স্থানে আরও এক পর্যটক গুরুতর আহত হন।
.png)






