logo

আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

আমদানিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা
বাংলাদেশ ব্যাংক। ছবি: উইকিপিডিয়া

আমদানির ক্ষেত্রে গন্তব্য-সংশ্লিষ্ট বিভিন্ন চার্জ কীভাবে পরিশোধ করতে হবে, সে বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ডিএপি, ডিপিইউ ও ডিডিপি- এই তিন ধরনের ইনকোটার্মসের আওতায় আমদানিতে পরিবহন ও অন্যান্য গন্তব্য ব্যয়ের হিসাব আলাদাভাবে উল্লেখ করতে হবে আমদানি চুক্তিতে।

সোমবার (১৬ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, আমদানি কার্যক্রম শুরু করার আগেই এডি ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট আমদানি চুক্তির বিভিন্ন খরচ আলাদাভাবে উল্লেখ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

চুক্তিতে পণ্যের এফওবি মূল্য, পরিবহন ভাড়া, বিমা এবং প্রযোজ্য গন্তব্য-সংশ্লিষ্ট সব চার্জ পৃথকভাবে উল্লেখ থাকতে হবে। এর মাধ্যমে আমদানি মূল্যের কোন অংশ পণ্যের দাম এবং কোন অংশ গন্তব্যে পণ্য পৌঁছানোর পর বিভিন্ন সেবার খরচ হিসেবে ব্যয় হবে, তা স্পষ্ট করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, এডি ব্যাংকগুলো বিদেশি সরবরাহকারীর অনুকূলে আমদানি মূল্য পাঠানোর সময় পৃথকভাবে চিহ্নিত গন্তব্য-সংশ্লিষ্ট চার্জ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ পাঠাতে পারবে।

এ ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও সহায়ক কাগজপত্রের ভিত্তিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জের অর্থ বাংলাদেশে মনোনীত সুবিধাভোগী বা সেবাদানকারী প্রতিষ্ঠানের অনুকূলে পরিশোধ করা যাবে।

তবে বিদেশি সরবরাহকারী যদি সম্পূর্ণ আমদানি মূল্য গ্রহণ করতে চান, সে ক্ষেত্রে বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। এ পদ্ধতিতে গন্তব্য-সংশ্লিষ্ট চার্জের অর্থ মনোনীত সেবাদানকারী প্রতিষ্ঠান ব্যয় নির্বাহের আগে অথবা আমদানি মূল্য পরিশোধের তারিখ থেকে এক মাসের মধ্যে বাংলাদেশে ফেরত আনতে হবে। এ ক্ষেত্রে যে সময়সীমাটি আগে পূর্ণ হবে, সেটিই কার্যকর হবে।